ইয়াশের ভ্রুকুটির মাঝেই চিরাচরিত রীতি মেনেই বেলুড় মঠে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা
দি নিউজ লায়ন; ঘূর্ণিঝড় ইয়াশের ভ্রুকুটির মাঝেই চিরাচরিত রীতি মেনে ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে বেলুড় মঠে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান। অন্যান্য বছর সন্ধ্যায় এই অনুষ্ঠান হলেও এবছর ইয়াসের জন্য জেনারেল সেক্রেটারির নির্দেশে সকালেই হয় এই অনুষ্ঠান। সন্ন্যাসী মহারাজদের উপস্থিতিতে বেলুড় মঠের মূল মন্দিরের ভিতরেই হয় এই অনুষ্ঠান।
বুদ্ধ মূর্তির সামনে পূজার নৈবেদ্য, ধূপ ধুনো দিয়ে হয় এই পুজো। বুদ্ধদেবের জীবনী পাঠ ভক্তিগীতিও পরিবেশিত হয়। প্রায় ঘন্টা দুয়েকের সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে আড়ম্বর না থাকলেও শ্রদ্ধা ভক্তির অভাব ছিলনা। এদিকে, এদিন সকালে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে এবং পূর্ণিমার ভরা কোটালের প্রভাবে গঙ্গাতেও জলচ্ছ্বাস দেখা যায়। বেলুড় মঠের গঙ্গাতেও কোটালের প্রভাবে জলচ্ছ্বাস হয়। গঙ্গার ভরা কোটালের জল প্রবেশ করে বেলুড় মঠ চত্বরে। জল মায়ের মন্দিরের ঘাট ছাপিয়ে যায় বলে জানা যায়।
গত বছর ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতিকে মাথায় রেখে এবার আগে থেকেই সজাগ ছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। জলের ঝাপটা থেকে বাঁচার জন্য প্রতিটি মন্দিরের পূর্বমুখী জানালা-দরজা প্লাস্টিক কভার করে দেওয়া হয়। গাছপালার ক্ষয়ক্ষতি হলে দ্রুত সরানো এবং যেকোন রকম বিপর্যয়ের জন্য প্রস্তুত হয়েছিল বেলুর মঠ। শুধু তাই নয়, ঝড় পরবর্তী সাধারণ মানুষকে রিলিফ বা পুনর্নির্মাণ কার্যের জন্য প্রস্তুত রয়েছে বেলুড় মঠ।

Post a Comment